Main Menu

ছাতকে যুবদল নেতার ভাতিজার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতক পৌরসভা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে ওই নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগকারী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) শাখায় পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডে ভাড়াটিয়া বাসায় দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন ওই নারী। সম্প্রতি স্থানীয় একটি গোষ্ঠির সঙ্গে তার আত্মীয়-স্বজনদের মারামারির ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়, ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রুহান ও রুবেল নামে দুই যুবক ওই নারীর বাসায় প্রবেশ করে। তারা তার ছোট ভাইকে না পেয়ে গালিগালাজ করে। একপর্যায়ে মো. রুহান (২৩) ঘরের দরজা বন্ধ করে দেয় এবং রুবেল (৩৩) দরজার পাশে অবস্থান নেয়। এরপর রুহান ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ধর্ষণের অভিযুক্ত রুহান ছাতক পৌর যুবদলের সাবেক আহ্বায়ক খায়ের উদ্দিনের ভাতিজা বলে জানা গেছে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের অভিযোগ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল জলিল বলেন, “প্রাথমিকভাবে ভুক্তভোগী ধর্ষণের বিষয়টি জানিয়েছেন। হাসপাতালের ওসিসি শাখার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।”

এ ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share





Related News

Comments are Closed