কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাবিল কানাইঘাটের মুক্তাপুর গ্রামের হারিছ উদ্দিনের পুত্র এবং কানাইঘাট সরকারি কলেজের ছাত্র। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের একজন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।
বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী বলেন, স্থানীয়রা ছুরিকাহত নাবিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নাবিলের চাচাতো ভাই ইসলাম হোসেন তাকে ছুরিকাঘাত করেন। নিহত ও অভিযুক্ত দুজনই একই বাড়িতে বসবাস করতেন।
ওসি আরও জানান, সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসলাম হোসেন নাবিলকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ইসলাম হোসেন পলাতক রয়েছে এবং তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed