Main Menu

ঝিনাইদহে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহি ২ শিক্ষার্থী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলায় দুই মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—দড়িগোবিন্দপুর গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬) এবং ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬)। আরাফাত মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, শিহাব ও আরাফাত একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী বয়েরাতলা বাজারে যাচ্ছিলেন। পথে মৌরিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোট পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত শিহাব, আরাফাত ও বাইসাইকেল আরোহীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে ফরিদপুরে নেওয়ার সময় শিহাব এবং ঢাকায় নেওয়ার পথে আরাফাত মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed