Main Menu

পরমাণু স্থাপনায় কোনো সংস্থাকে প্রবেশ করতে দিবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি।

এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সম্ভাব্য পরিদর্শনের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অস্বীকার করে বলেন, ‘পরমাণু স্থাপনায় আইএইএ-র কোনো সরাসরি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না।’

আজিজি জানান, আগামী সপ্তাহে আইএইএ-র একটি কারিগরি প্রতিনিধি দল ইরান সফরে আসছে ঠিকই, তবে সফরটি শুধুমাত্র বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এতে কোনো পরমাণু স্থাপনায় সরাসরি প্রবেশ বা পরিদর্শনের অনুমতি থাকবে না।

তিনি আরও বলেন, ‘ইরানের সংসদে গৃহীত একটি আইনের আলোকে পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার অনুমোদনযোগ্য নয়। তবে ইরান প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে আলোচনায় আগ্রহী থাকবে, যার মাধ্যমে পারস্পরিক মতবিনিময় ও বিভ্রান্তি নিরসন সম্ভব।’

এর আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক ঘোষণায় জানান, আগামী ১০ দিনের মধ্যে আইএইএ-র একটি প্রতিনিধি দল তেহরান সফরে আসবে। তবে ইব্রাহিম আজিজির বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, সফরটি শুধুই কারিগরি আলোচনার উদ্দেশ্যে, কোনো পরিদর্শনের নয়।

বিশ্লেষকদের মতে, ইরান ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার মধ্যে সম্পর্কের বর্তমান গতিপথে আজিজির এই মন্তব্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এতে পরমাণু কার্যক্রম নিয়ে ইরানের অবস্থান আরও সুদৃঢ়ভাবে উপস্থাপিত হলো।

Share





Related News

Comments are Closed