Main Menu

সিলেট বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেটে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবছর সিলেট বোর্ডে পাশের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪জন। গত বছর পাশের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে এই তথ্য প্রকাশ করেন।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছরের এসএসসি পরীক্ষায় সর্বমোট পরিক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ২১৯জন। তার মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪ জন। তার মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন ও মেয়ে ১ হাজার ৮২৩ জন।

বিভাগ ভিত্তিক ফলাফলে জানা যায়, বিজ্ঞান  বিভাগে ৭৭.৪৭ শতাংশ, মানবিকে ৬৪.৭১ শতাংশ এবং ব্যবসা প্রশাসনে ৭৬.৯৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘গণিত ও ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারায় পাসের হার কমেছে। বিশেষ করে মানবিক বিভাগে ফেল করা শিক্ষার্থীর হার বেশি। দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের অনেক প্রতিষ্ঠানে মানসম্পন্ন গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা, অমনযোগিতা, এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার অভাবও খারাপ ফলাফলের অন্যতম কারণ।’

তবে তিনি আরও বলেন, ‘সব দিক বিবেচনায় সার্বিক ফলাফলে আমরা মোটামুটি সন্তুষ্ট। যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

Share





Related News

Comments are Closed