কুলাউড়ায় উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ বন্ধ এবং বন্দোবস্ত পুনরায় প্রদানসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি, মুরইছড়া, তুথবাড়ী, জুগিটিলা, গণকিয়া ও হেবাইরতল গ্রামের বাসিন্দাদের উদ্যোগে তুথবাড়ী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মধা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. রিপন আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হারিছ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ হেলাল, যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাহির, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, বিএনপি নেতা আব্দুল মুতলিব, স্থানীয় বাসিন্দা নেছার আহমদ, ইউনুস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এই অঞ্চলের মানুষ শত বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছেন। এখানে রয়েছে ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা ও ধর্মীয় উপাসনালয়। প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব এলাকায় বসবাস করছেন।
তারা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই বসতবাড়ি ভাঙচুর ও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষ মানবেতর জীবন যাপন করছেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা দেশের নাগরিক, ভোটার ও করদাতা। অথচ আমাদের বসতবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। রোহিঙ্গারা যদি এ দেশে বসবাস করতে পারে, তাহলে দেশের নাগরিক হয়ে আমরা কেন পারবো না?
তাদের দাবি, এসব জমির এক সময়ের মালিক ছিলেন সিলেটের জমিদাররা। তারা সরকার থেকে বন্দোবস্ত নিয়ে এই জমি রেজিস্ট্রারিভিত্তিকভাবে স্থানীয়দের কাছে বিক্রি করেন। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও সরকার মালিকানা নিশ্চিত করেনি। বর্তমানে জমি সরকারের মালিকানায় ফিরলেও প্রকৃত বসবাসকারীদের উচ্ছেদ করা হচ্ছে, যা অমানবিক। এ বিষয়ে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভূমি উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, আমরা কোনো প্রকৃত ভূমিহীনকে উচ্ছেদ করছি না। বরং যারা প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে সরকারি খাস জমি দখল করে রেখেছেন, তাদের কাছ থেকে এসব জায়গা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমি প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়া হবে।
Related News
কমলগঞ্জে সড়কের পাশ থেকে ১৪টি মূল্যবান গাছ চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বৃহদ আকারেরRead More
কমলগঞ্জের মুন্সীবাড়ির উদ্যোগে ৩০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিতRead More



Comments are Closed