Main Menu

কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন।এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান।

নিহতরা হ‌লেন, সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছে‌লে নাজমুল হো‌সেন (৩৫), গাজীপু‌রের নোয়াগাও এলাকার সুভাষ কর্মকা‌রের ছে‌লে অমল কুমার কর্মকার (৩৯), নর‌সিংদীর শিবপুর থানার আক্সাশাল এলাকার আব্দুর রহমা‌নের স্ত্রী রা‌বেয়া বেগম (৭৫), তার ছে‌লে মোহাম্মদ আলী (৪৫) ও তার নাতী মোহাম্মদ আলীর ছে‌লে ৫ বছর বয়সী শিশু আমান উল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে দাড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাচ বছরের এক ছেলে শিশু এবং অটোরিকশার চালকসহ তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed