Main Menu

কোটা সংস্কার আন্দোলন, সিলেটে ১১ মামলায় গ্রেপ্তার ১৩৯

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে এ পর্যন্ত ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট নগরে ১১টি মামলা দায়ের করে এপর্যন্ত ১৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কোতোয়ালি থানায় ২জন, জালালাবাদ থানায় ১জন ও দক্ষিণ সুরমা থানায় ১জনকে গ্রেপ্তার করা হয়।

মামলাগুলো পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাঁধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে। এসবের মধ্যে একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুতকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) ও বাকিগুলোর বাদী পুলিশ।

সিলেটের কোতোয়ালী থানায় ৬টি, জালালাবাদ থানায় ৪টি ও দক্ষিণ সুরমা থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে। এগুলোতে ২৪৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ১৬ হাজার ১৫ জনকে আসামী করা হয়েছে।

এদিকে, শুক্রবারের মতো শনিবারও সিলেট মহানগর এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

কারফিউ শিথিলে সারা দেশের ন্যায় সিলেটেও প্রায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট-বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্টে করে হচ্ছে তল্লাশি।

Share





Related News

Comments are Closed