Main Menu

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন নিহত হয়েছেন সদর উপজেলায় আর এক শিশু মারা গেছে কবিরহাট উপজেলায়।

নিহতরা হলেন সুবর্ণচরের চর জুবলীর মো. নেসার (৪৫), চর জব্বরের মো. সাবিক (২০)। আর আহত ব্যক্তি হলেন মধ্যম বাগ্গার মো. আলী (৪০)।

বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে ঘটনা দুটি ঘটে। কবিরহাট উপজেলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া সদর উপজেলার দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের হেরেংহি রোডের মাথায় মান্নানগর-চর জব্বর সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের এক সহকারী। আহত ব্যক্তিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিকেল ৩টার দিকে কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের চাপায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন। শিশুটির নাম মো. জোবায়ের হোসেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, একটি ট্রাক চর জব্বারের দিক থেকে মান্নান নগরের দিকে আসছিল। আরেকটি ট্রাক চর জব্বারের দিকে যাচ্ছিল ট্রাক দুটির হেরেংগি রোডের মাথায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান এবং একজন আহত হন। খবর পেয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন বলেন, কবিরহাটে পিকআপ ভ্যানে চাপা দেওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed