স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবি, ৩৯ অভিবাসীর মৃত্যুর শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী একটি ডিঙ্গি নৌকা ডুবে গেছে। এতে ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২১ জুন) নৌকাডুবির এই ঘটনা ঘটে।
অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা অভিবাসন কেন্দ্রিক দু’টি সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করা একটি ডিঙ্গি নৌকা বুধবার ডুবে গেছে এবং এতে ৩০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে বিপদাপন্ন যাত্রীদের উদ্ধারে আগে-ভাগে হস্তক্ষেপ না করার জন্য স্পেন এবং মরক্কোর সমালোচনা করেছে অভিবাসন কেন্দ্রিক ওই দুই সংস্থা।
রয়টার্স বলছে, ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনাটি সামনে আনে ওয়াকিং বর্ডারস এবং অ্যালার্ম ফোন নামের দু’টি সংস্থা। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ ওয়াকিং বর্ডারস সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত।
উভয় সংস্থাই জানিয়েছে, ডুবে যাওয়া ডিঙ্গি নৌকাটিতে মূলত ৬০ জন আরোহী ছিলেন। স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস ডিঙ্গির দুই যাত্রীর – একজন শিশু এবং অন্যজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির – মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে, মরক্কোর একটি টহল নৌকা এর আগে ২৪ জনকে উদ্ধার করেছে।
অবশ্য ডুবে যাওয়া নৌযানটিতে ঠিক কতজন লোক ছিল বা কতজন নিখোঁজ হয়ে থাকতে পারেন তা স্প্যানিশ বা মরক্কোর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।
ওয়াকিং বর্ডারসের মুখপাত্র হেলেনা ম্যালেনো এক টুইট বার্তায় বলেছেন, নৌকাডুবির পর ৩৯ জন সমুদ্রে ডুবে গেছে। তবে এই ঘটনার আরও বিশদ কোনও বিবরণ তিনি সামনে আনেননি। অন্যদিকে উদ্ধার অভিযানের সমর্থনে ট্রান্স-ইউরোপীয় নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা অ্যালার্ম ফোন বলেছে, ৩৫ জন নিখোঁজ রয়েছেন।
বার্তাসংস্থাটি বলছে, ডুবে যাওয়ার সময় ডিঙ্গিটি পশ্চিম সাহারার উপকূলের পানিতে অবস্থান করছিল। যদিও মরক্কো সাবেক এই স্প্যানিশ উপনিবেশের সংখ্যাগরিষ্ঠ অংশ পরিচালনা করে, তারপরও এটির সার্বভৌমত্ব নিয়ে বিতর্ক রয়েছে এবং জাতিসংঘ এটিকে অ-স্বশাসিত অঞ্চল হিসাবে তালিকাভুক্তও করেছে।
রয়টার্স বলছে, পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে পৌঁছানোর প্রচেষ্টায় কমপক্ষে ৫৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ২২ জন শিশু রয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed