Main Menu

সিলেটে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

বৃহস্পতিবার (৮ জুন) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়া (২২) নামের আরেকজন মারা যান।

বাদশা সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত সায়েদ নূর মিয়ার ছেলে। দুর্ঘটনায় বুধবার (৭ জুন) সায়েদ নূর নিহত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাশ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বুধবার ১৪ জন মারা যান। বৃহস্পতিবার ভোরে বাদশা মিয়া নামে আরেক যুবক মারা গেছেন। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। সেদিনই ১৪ জন মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত সজিব আলীর ছেলে রশিদ আলী (২৫), শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে দুলাম মিয়া (২৬), একই উপজেলার বাবনগাঁ গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে শাহিন মিয়া (৪০), দিরাই উপজেলার আলীনগর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে হারিস মিয়া (৬৫), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হলদিউড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম (৪৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সায়েদ নূর (৫০), শান্তিগঞ্জ উপজেলার তলেরতন গ্রামের মৃত আওলাদ উল্লার ছেলে আওলাদ হোসেন (৬০), দিরাই উপজেলার পাথারিয়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে একলিম মিয়া (৫৫), গচিয়া গ্রামের বারিক উল্লার ছেলে সিজিল মিয়া (৫৫), ভাটিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সৌরভ মিয়া (২৭), নেত্রকোনার ভারহাট্টা উপজেলার দশদার গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ মিয়া (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের শমসের নুরের মেয়ে মেহের (২৪), দিরাই উপজেলার মধুপুর গ্রামের সোনা মিয়ার ছেলে দুদু মিয়া (৪০), একই গ্রামের শাহজাহানের ছেলে বাদশা (৩০) সহ ১৪ জন।

প্রসঙ্গত, বুধবার (৭ জুন) ভোরে সিলেট থেকে ওসমানীনগরের গোয়ালাবাজারে যাওয়ার জন্য পিকআপে উঠেন ৩০ জন নির্মাণ শ্রমিক। পথে ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমায় নাজিরবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে আজ বাদশা মিয়া (২২) নামের একজন মারা যান।

 

 

Share





Related News

Comments are Closed