Main Menu

বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৮

বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রোমা ও রোয়াংছড়ি উপজেলার সংযোগ সড়কের মাঝামাঝি খামতাং পাড়া থেকে গুলিবিদ্ধ এসব মরদেহ উদ্ধার করা হয়

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জনসংহতি সমিতি ও জেএসএসের (সংস্কার) মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসী গ্রুপ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলে আসছে। বান্দরবানসহ পার্বত্য জেলাগুলোতে সন্ত্রাসীদের বেশ কয়েকটি গ্রুপ ও উপ-গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের নিজেদের মধ্যে আধিপত্য নিয়ে এর আগেও বিভিন্ন সময় সংঘাতের ঘটনা ঘটেছে।

বান্দরবান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থে‌কে আট জনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে। ত‌বে কে বা কারা তা‌দের হত্যা করেছে তা জানা যায়‌নি। মরদেহগুলো কোন গ্রু‌পের তাও বলা যা‌চ্ছে না।

রোয়াংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে দুটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনার পর আতঙ্কে বেশ কিছু এলাকাবাসী পালিয়ে এসে রোয়াংছ‌ড়িতে অবস্থান করছেন। তাদের খাবার দেওয়া হচ্ছে। কোন সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. তা‌রিকুল ইসলাম ব‌লেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আমরা খবর পাই রোয়াংছড়ি উপজেলার খামতামপাড়ায় কিছু মরদেহ পড়ে আছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। যতটুকু জেনেছি দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। যারা নিহত হয়েছেন তাদের কারো নাম-ঠিকানা এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের অনুসন্ধান অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed