Main Menu

চুনারুঘাটে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম গ্রাম থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

চুনারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী, স্ত্রী ও এক সন্তানের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে স্ত্রী ও সন্তানের মরদেহ ছিল ঘরে এবং স্বামীর মরদেহ গাছে ঝুলছিল। ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন।

ওসি জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) মরদেহ বাড়ির ভেতরে রয়েছে। সজ্জুল হকের আরও তিন সন্তান জীবিত আছে।

স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী। আর সজ্জুল মিয়া একজন হতদরিদ্র লোক। তিনি সংসার চালাতে পারছিলেন না। এজন্য স্ত্রী ও ছেলে ইয়াছিনকে মারার পর হয়তো সজ্জুল হক আত্মহত্যা করেছেন।

ওসি রাশেদুল হক জানান, মরদেহ তিনটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed