Main Menu

শান্তিগঞ্জে কবরস্থানের মাটি কেটে নিয়ে বেরিবাঁধ নির্মাণ

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জে কবরস্থানের মাটি কেটে নিয়ে ফসল রক্ষা বাঁধে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথারিয়া ইউনিয়নের পুরান কান্দিগাঁও ও শ্যামনগর গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে।

এ ব্যাপারে গত ১লা ফেব্রুয়ারী পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শ্যামনগর গ্রামের ইউপি সদস্য এমরান হোসেন সহ শ্যামনগর ও কান্দিগাঁও গ্রামের ১০ জন বাদী হয়ে পাথারিয়া ইউনিয়নের পুরান কান্দিগাঁও গ্রামের রশিদ উল্লাহর ছেলে তারিফ উল্লা এবং একই গ্রামের আলীর ছেলে আরজ আলীর বিরুদ্ধে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর ও পুরান কান্দিগাঁও গ্রামের পশ্চিমে চালিয়ারনির হাওর সংলগ্ন কান্দিগাঁও মৌজার ১ নং খাস খতিয়ানের ২১৯৯ দাগে ৬ একর ১০ শতক জায়গায় উভয় গ্রামবাসীর কবরস্থান রয়েছে। উক্ত কবর স্থানের জায়গা থেকে গ্রামবাসীকে না জানিয়ে খাই হাওরের ৪২ নং পিআইসি কমিটির কাছে মাটি বিক্রি করে দেন তারিফ উল্লাহ ও আরজ আলী। তাৎক্ষণিকভাবে গ্রামবাসীর বাঁধাকে উপেক্ষা করে পিআইসি কমিটির লোকজন এসকেভেটর ও ড্রাম ট্রাক লাগিয়ে গভীর গর্ত করে প্রায় ৬০ শতক জায়গা থেকে লক্ষাধিক পরিমান মাটি কেটে বেরিবাঁধে নিয়ে যান।

শনিবার (৪ ফেব্রয়ারী) সরেজমিন ঘটনাস্থলে গেলে ইউপি সদস্য এমরান হোসেন, শ্যামনগর গ্রামের সাবেক মেম্বার ইকবাল হোসেন, শ্যামনগর গ্রামের আলাল হোসেন, আব্দুল হামিদ, সেনু মিয়া, মাসুক মিয়া, পুরান কান্দিগাঁও গ্রামের জিয়াউর রহমান, ছুয়াব আলী, কাচা মিয়া সহ অনেকেই জানান, এই কবরস্থানটিতে শ্যামনগর, কান্দিগাঁও সহ আশপাশের লোকজন মারা গেলে এখানে এনে কবর দেওয়া হয়। এই কবরস্থানের মাটি বিক্রয়কারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী।

Share





Related News

Comments are Closed