Main Menu

নবীগঞ্জে বাসচাপায় নারী নিহত, মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় শাহিদা বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুর নুরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন শাহিদা বেগম। আইনগাঁও এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিদা। এরপর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পরে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের অন্য একটি বাস আটকে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব জানান, বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। বাসটি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed