Main Menu

কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবী

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের সুরমা নদীর চরিপাড়া লোভারমুখ ও সুরমা বাজারের বালু চর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে গত দু’সপ্তাহ থেকে বালু উত্তোলনের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এলাকাবাসীর পক্ষে ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বুলবুল লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাতবাঁক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শাহিকুল আলম ও তার সহযোগী চরিপাড়া করডি গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র মোঃ মিজান উপজেলা ভূমি অফিসের দলিল লেখক চরিপাড়া গ্রামের আমির উদ্দিন সহ আরো কয়েকজন মিলে এই বালু উত্তোলন করছেন।

নদীর পার ফেলুডার স্কেভেটর দিয়ে কেটে গর্ত করে রাস্তা তৈরি করে প্রতিদিন অসংখ্য ট্র্যাক্টর ও ট্রাক দিয়ে দিনে-রাতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালুচর কেটে বালু উত্তোলন করে বিক্রির ঘটনায় যে কোন সময় নদীর পার ধ্বসে পড়ে চরিপাড়া গ্রাম সহ আশপাশে অবস্থিত হাট-বাজার, শিক্ষা-প্রতিষ্ঠান ধ্বসে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হতে পারে। পাশাপাশি ট্র্যাক্টর ও ট্রাক দিয়ে বালু পরিবহনের কারনে এলাকার রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং ধুলোবালির কারনে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছেন। নির্বিচারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য স্থানীয়রা বার বার বালু উত্তোলনের সাথে জড়িত ইউপি সদস্য শাহিকুল ইসলাম, দলিল লেখক আমির উদ্দিন ও তাদের সহযোগীদের অনুরোধ করার পরও তারা কোন ধরনের কর্ণপাত না করে গত দু’সপ্তাহ থেকে প্রতিদিন বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

দ্রুত বালু উত্তোলন বন্ধ সহ অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সমূহ অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় অনেকে জানিয়েছেন, গত বছর শুকনো মৌসুমে শায়িকুল ইসলাম মেম্বার ও আমির উদ্দিন মহরি সহ প্রভাবশালীরা সুরমা নদীর লোভারমুখ বালুরচর থেকে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকার বালু মজুদ সহ বিক্রি করে। কিন্তু তাদের বিরুদ্ধে সে সময় কোন ধরনের ব্যবস্থা না নেওয়ার কারনে তারা আবারো বালু উত্তোলন শুরু করেছে।

 

Share





Related News

Comments are Closed