Main Menu

গোলাপগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঘরের গ্রিলের তালা ভেঙে মিলাক আহমদ নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ (রফিপুর) গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

মিলাক আহমদ ওই গ্রামের মৃত আকিব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজভাগ (রফিপুর) গ্রামের মিলাক আহমদের বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে ঘরের গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করলে বিছানায় মিলাক আহমদের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে। লাশের অধিকাংশ অংশ পঁচে দুর্গন্ধ বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগ থেকে ঘরে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শুক্রবার (২৫ নভেম্বর) গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed