Main Menu

সিলেটে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কিনব্রিজের নিচ থেকে এক ব্যবসায়ীর নগদ ৪ লাখ টাকা, ২টি মোবাইল ফোন, এক বস্তা সুপারি ও ১ কার্টুন সিগারেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ছিনতাইয়ের ঘটনাস্থল থেকেই সাব্বির (২২) নামের এক আসামিকে গ্রেফতার করে। এসময় আসামীর কাছ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সাব্বির সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাদনীঘাট এলাকার স্বপ্নীল/১৩-এর আলেক উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজের নিচ দিয়ে ব্যবসায়ীক মালপত্র নিয়ে যাচ্ছিলেন কানাইঘাট উপজেলার কাদিরগ্রামের মতজির আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৩৫)। এসময় তার গাড়ির গতিরোধ করে চাকু দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ ৪ লাখ টাকা, ২টি মোবাইল ফোন, ১ বস্তা সুপারি (যার মূল্য অনুমান ৩০ হাজার টাকা) ও ২০ কার্টুন সিগারেট (যার মূল্য অনুমান ১৭ হাজার টাকা) ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় রিয়াজ উদ্দিন পরবর্তীতে ৭ জনের নাম ঠিকানা উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থল থেকেই আসামি সাব্বিরকে গ্রেফতার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশে জানিয়েছে গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed