Main Menu

বাংলাদেশি ১১০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে রাশিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার সুযোগ দিতে আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১১০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে রাশিয়া। রাশিয়ার বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে তারা ব্যাচেলর অব মাস্টার্স ও পিএইচডি কোর্স করতে পারবেন বলে জানান, ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখতোভ।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাশিয়ান হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ম্যাক্সিম দোব্রোখতোভ বলেন, রাশিয়ান দূতাবাস ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৭০ বাংলাদেশি শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি কোর্সে উচ্চ শিক্ষায় বৃত্তি দিয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে ১১০ শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সুযোগ দেবে। শিক্ষার্থীদের এডুকেশন ইন রাশিয়া ডটকম সাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কপিসহ সকল প্রকার মার্কশিট, সনদপত্র ও পাসপোর্ট কপি রাশিয়ান হাউসের শিক্ষা বিভাগে জমা দিতে হবে।

ম্যাক্সিম দোব্রোখতোভ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে ঢাকাস্থ রাশিয়ান হাউস রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বৃত্তি কার্যক্রমের জন্য প্রার্থী বাছাইসহ শিক্ষা কার্যক্রমে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

এ সময় তিনি এই বছরের রাশিয়ান হাউসের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঘটনা এবং পরবর্তী বিশেষ অনুষ্ঠানের কথা তুলে ধরেন।

এছাড়াও রাশিয়ান হাউস থেকে রাশিয়ান ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করেও এই প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। রাশিয়ান ভাষার কোর্সটি তিন সেমিস্টারের আওতায় ৯ মাস মেয়াদি হয়ে থাকে। কোর্সটি সাধারণত জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরে শুরু হয়ে থাকে। বাংলাদেশে দিন দিন রাশিয়ান ভাষা শিক্ষায় আগ্রহ বাড়ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রাশিয়ান হাউসের সাংস্কৃতিক বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ ও শিক্ষা বিভাগের প্রধান সৈয়দ বজলুল হাসান।

Share





Related News

Comments are Closed