সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মেয়ে আইরিন মাহবুব এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১২টার দিকে বাবা অসুস্থ হয়ে পড়েন। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর দুপুর ১টার দিকে তিনি মারা যান।মাহবুব তালুকদার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
আইরিন জানান, শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার। সেখান থেকে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা ভালো ছিল। বুধবার হঠাৎ অক্সিজেন লেভেল কমে যায় মাহবুব তালুকদারের। বাসায় অক্সিজেনের ব্যবস্থা থাকায় সেটা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।
মাহবুব তালুকদারকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল জানিয়ে তার মেয়ে বলেন, বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদারকে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে নিয়োগ দেন।
১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদার। নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করা মাহবুব তালুকদার দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি তৎকালীন জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন।
১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকুরিতে যোগ দেন।
১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কালে তিনি তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মাহবুব তালুকদার শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
২০১২ সালে শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। মাহবুব তালুকদার ও তার স্ত্রী নীলুফার বেগম দম্পতির দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed