Main Menu

১৪ দিন পর সিলেট-ময়মনসিংহ রুটে বাস চলাচল শুরু

বৈশাখী নিউজ ডেস্ক : দুই জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্বে টানা ১৪ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেট-ময়মনসিংহ সড়কে বাস চলাচল। এতে মারাত্মক দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের রুটে বাস চলাচলকারী যাত্রীরা।

গত রোববার (১৪ আগস্ট) দুই জেলার বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে বসে দ্বন্ধের অবসান ঘটলে ওইদিন রাত থেকেই বাস চলাচল শুরু হয়। সোমবার দিনভর সিলেট-ময়মনসিংহ রুটে বাস চলাচল ফের আগের রুপে ফিরেছে।

রোববার বিকেল ৪টায় হবিগঞ্জস্থ হোটেল হাইওয়ে ইন-এ সিলেট ও ময়মনসিংহ জেলার বাসা মালিক ও পরিবহণ শ্রমিক সংগঠনের নেতারা যৌথ বৈঠকে বসেন। উভয় পক্ষের সম্মতিতে এই রুটে ময়মনসিংহের বাসের পাশাপাশি সিলেট জেলার বাস চলাচলের সিদ্ধান্ত হয়। ফলে দুই জেলার দ্বন্ধ নিরসন হলে ধর্মঘট প্রত্যাহার হয় এবং বাস চলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ জেলার ৭০টি বাস চলাচল করে। সম্প্রতি এই রুটে সিলেট জেলা বাস মালিক সমিতি ৫টি নতুন বাস নামান। কিন্তু সিলেট জেলার ৫টি বাস চলাচলে নিষেধ করে ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতি। এই নিয়ে দু’পক্ষ দ্বন্দ্ব শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে যাতায়াতকারীরা বিপাকে পড়েন। এছাড়া পূর্ব ঘোষণা ছাড়া অনির্দিষ্টকালের ধর্মঘটে যাত্রী দুর্ভোগ মারাত্মক আকার ধারণ করে। অনেকেই জরুরী প্রয়োজেন কয়েক ধাপে একাধিক বাস পরিবর্তন করে গন্তব্যে ফিরতে বাধ্য হয়েছেন।

এ ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম সাংবাদিকদের জানান, দুই জেলার বাস মালিক সমিতির দ্বন্ধে কয়েকদিন বন্ধ থাকার পর সিলেট-ময়মনসিংহ রুটে বাস চলাচল শুরু হয়েছে। দুই জেলার বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দ্বন্ধের সমাধান হয়। এই রুটে উভয় জেলার বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

Share





Related News

Comments are Closed