Main Menu

বিরোধী দলের আন্দোলনে বাধা না দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈশাখী নিউজ ডেস্ক: বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেপ্তার না কারার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ আগস্ট) গণভবনে আওয়ামী লীগের আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন এবং নৈরাজ্যের কারণে মানুষের কষ্ট আরও বাড়তে পারে। আমাদের অপজিশন (বিরোধী রাজনৈতিক দল) একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করছে, করুক। আজকে আমি নির্দেশ দিয়েছি, যারা আন্দোলন করছে তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।

তিনি বলেন, তারা আন্দোলন করতে চায় করুক, অসুবিধা কোথায়? তবে তারা বেশি করতে গেলে তো মানুষের কষ্ট আরও বাড়বে। এটা দেশের জন্য ক্ষতি হবে। তবে এটা আমরা সামাল দিতে পারবো।

সরকারপ্রধান বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশের মানুষের সমস্যা উপলব্ধি করে তাদের কষ্ট লাঘবের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি। মানুষের কষ্ট যে আমরা বুঝি না, তা নয়।

এ সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশে তা সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, হয়তো আর কিছুদিন আমাদের কষ্ট করতে হবে। আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন শুরু হলে বিদ্যুতের এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।

তিনি বলেন, ‘আমি বলে দিয়েছি খবরদার কাউকে যেন গ্রেপ্তার করা না হয়, কোন ডিস্টার্ব করা না হয়। তারা আন্দোলন করতে চায় করুক অসুবিধা কী? আমরা যে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি দেশের কাজ করতে দেশের মানুষ তো সেটা জানে।’

Share





Related News

Comments are Closed