Main Menu

যুক্তরাষ্ট্রে লেখক সালমান রুশদির ওপর ছুরি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর ছুরি হামলা চালানো হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি অনুষ্ঠানে তার ওপর ছুরি হামলা চালায় এক যুবক। এতে আহত হয়েছেন লেখক। ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নিউইয়র্কের বাফেলো শহরের কাছেই চৌতাওকুয়া ইনস্টিটিউশনে একটি বক্তৃতা অনুষ্ঠানে যোগ দেন ৭৫ বছর বয়সী লেখক সালমান রুশদি।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা চালানো হয়। তাকে কিল-ঘুষির পাশাপাশি ছুরি দিয়ে আঘাত করতে থাকে হামলাকারী।

এপির প্রতিবেদন মতে, এ সময় লেখক মেঝেয় পড়ে যান। এরপর সেখান থেকে তাকে সরিয়ে নেয়া হয়। আর হামলাকারীকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলায় গুরুতর আহত হয়েছেন লেখক। তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সহযোগিতায় মঞ্চ থেকে নেমে আসতে সক্ষম হন তিনি।

সালমান রুশদি নানা কারণে আলোচিত ও সমালোচিত। তার বিরুদ্ধে লেখায় ইসলাম ও মুসলিমদের অমূলক নিন্দা ও নবী হযরত মুহাম্মদ (সা.)-এর কুৎসা রটনার অভিযোগ রয়েছে। তার লেখা নিয়ে নানা সময়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মুসলিম বিশ্ব।

৪০ বছরের লেখক জীবনের শেষ ভাগটি সালমান রুশদি নিরাপত্তার কারণে এক ধরনের আত্মগোপনেই কাটাচ্ছেন। তবে এতে তার লেখালেখি থেমে থাকেনি এবং তিনি পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতা থেকেও বঞ্চিত হননি। ২০০৭ সালে তিনি ব্রিটিশ সরকারের ‘নাইটহুড’ উপাধিও লাভ করেন।

লেখক হিসেবে সালমান রুশদি প্রথম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাসের জন্য। ১৯৮১ সালে তিনি এজন্য ‘ম্যান বুকার পুরস্কার’ লাভ করেন।

কিন্তু ১৯৮৮ সালে প্রকাশিত পরবর্তী উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তিনি বিশ্ব মুসলিমের প্রতিবাদ ও নিন্দার সম্মুখীন হন।

তারপর থেকে নিরাপত্তার কারণে লোকচক্ষুর আড়ালে ও প্রহরীবেষ্টিত জীবনযাপন করছেন সালমান রুশদি। এ যাবৎ তিনি ১৩টি উপন্যাসসহ অনেক ছোটগল্প ও নন-ফিকশন গ্রন্থ রচনা করেছেন।

এর মধ্যে শিশু-কিশোরদের জন্য ১৯৯০ সালে লেখা ‘হারুন অ্যান্ড দ্য সি অব স্টোরিজ’, ১৯৯৫ সালে রচিত ‘দ্য ম্যুরস লাস্ট সাই’ ও ১৯৯৯ সালে লেখা ‘দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট’ উল্লেখযোগ্য।

সালমান রুশদির উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’, যাকে মুসলিম বিশ্বের অনেকেই ধর্মদ্রোহী বলে মনে করেন। এই উপন্যাস প্রকাশের পর বছরের পর বছর ধরে তিনি হত্যার হুমকি পেয়ে আসছেন।

 

 

Share





Related News

Comments are Closed