Main Menu

বাইক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি ছাত্রী, আইসিইউতে ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধুর সাথে মোটরসাইকেলে সিলেট এয়ারপোর্ট রোডে ঘুরতে গিয়ে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রী। মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আহত ওই শিক্ষার্থীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

জানা যায়, আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, ভিসি স্যার ও আমরা সকালে আহত এ শিক্ষার্থীকে দেখতে ওসমানী মেডিকেলে গিয়েছিলাম। বর্তমানে সে আইসিইউতে আছে। তবে তাকে অক্সিজেন দেওয়া হয়নি।

আহত শিক্ষার্থীকে সার্জারী দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যতক্ষণ ছিলাম ডাক্তাররা সেরকম কিছুই বলেনি। ডাক্তাররা আলোচনা করে পরে জানাবে বলছে। এদিকে শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মেডিকেলে পৌঁছে চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপ নিবেন।

আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভিসি স্যার সিদ্ধান্ত নেওয়ার পর পরবর্তীতে সে বিষয়েে জানিয়ে দেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে এয়ারপোর্ট রোডে ঘুরতে যায় ওই ছাত্রী। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলে সে মাথা, কোমর ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছে।

Share





Related News

Comments are Closed