Main Menu

ঢাকায় হোটেল থেকে নারী চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামের এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ আগস্ট) রাতে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলের ৪ তলার ৩০৫ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জান্নাতুল নাঈম সিদ্দীক এর বাসা রাজধানীর শাজাহানপুরে। গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। বুধবার সকাল ৮টায় রেজাউল করিম রেজা নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন তিনি।

জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক যুবকের সঙ্গে ওই হোটেলটিতে উঠেছিলেন ডা. জান্নাতুল। এরপর সুযোগ বুঝে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যান রেজাউল। ধারণা করা হচ্ছে সকাল ৮ থেকে ১১টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যায় ওই যুবক। হোটেলের চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষে বিছানায় পড়ে ছিল মরদেহ। তার শরীরে একাধিক জখমের দাগ ছিল।

জাফর হোসেন জানান, বুধবার সকাল ৮টায় তারা হোটেলটিতে চেক ইন করেন। দুপুরের দিকে ওই যুবক (রেজাউল করিম) হোটেল কক্ষে তালা মেরে চলে যায়। হোটেল ম্যানেজার তাকে ফোন করলে জানায়, ও (জান্নাতুল নাঈম) ঘুমাচ্ছে। আমি আসছি। বিকালে আবার কল করলে তার ফোন বন্ধ পান ম্যানেজার। ওই যুবক আর না আসায় রাতে তিনি বিষয়টি পুলিশকে জানান।

এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে জানিয়ে তিনি বলেন, রেজার সঙ্গে ওই চিকিৎসকের প্রেমের সম্পর্ক ছিল। তাকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে রাজধানীর পান্থপথে হোটেল থেকে নারী চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় তার কথিত প্রেমিক রেজাউল করিম রেজাকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed