ঢাকা-টরেন্টো প্রথম বাণিজ্যিক ফ্লাইট চালু বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বাণিজ্যিক ফ্লাইট ঢাকা থেকে কানাডার টরেন্টো যাবে বুধবার। ঢাকা-টরেন্টো প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি বুধবার (২৭ জুলাই) ভোররাত সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে চালু হবে।
গতমাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার জানিয়েছিলেন, চলতি মাসের ২৭ তারিখ থেকে এ ফ্লাইট চালু হবে।
তিনি জানিয়েছিলেন, ঢাকা থেকে টরেন্টো রুটে ইকোনমি ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্টসহ একমুখী ভাড়া (ট্যাক্সসহ) ৯০ হাজার ৫১০ টাকা থেকে শুরু এবং ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। সেই হিসাবে ডিসকাউন্ট বাদে টরেন্টো রুটের রিটার্ন ভাড়া ১ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ইকোনমি প্রিমিয়াম ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১ লাখ ২৭ হাজার ৩০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ২ লাখ ৩৪ হাজার ৩৫৫ টাকা। বিজনেস ক্লাসে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ১ লাখ ৬৪ হাজার ১০০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের ক্ষেত্রে ১৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৩ লাখ ৪ হাজার ৩০২ টাকা।
তাহেরা খন্দকার জানিয়েছিলেন,, যাত্রীরা ২০ জুলাই তারিখের মধ্যে এ রুটের টিকিট কিনলে বাংলাদেশ থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে (একমুখী ও রিটার্ন উভয়ক্ষেত্রে) টিকিটের মূল ভাড়ার ওপর এই ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন। ঢাকা-টরেন্টো রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে প্রতি বুধবার ও রোববার বিমানের ফ্লাইট টরেন্টোর উদ্দেশে যাত্রা করবে এবং একই দিন টরেন্টো থেকেও ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও যাহিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার ভোর পর্যন্ত ফ্লাইটের ১৬০টি আসনের টিকিট বিক্রি হয়েছে। টিকিট বিক্রি চলমান। রাতে বিস্তারিত জানা যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, ২৭ জুলাই থেকে সপ্তাহে প্রতি বুধবার বিজি-৩০৫ বাংলাদেশ সময় ভোররাত ৩টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯ টায় তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে।
এছাড়া সপ্তাহে প্রতি রোববার বিজি-৩০৫ ঢাকা থেকে ভোর সাড়ে ৩টায় যাত্রা করে রিফুয়েলিং শেষে স্থানীয় সময় পরদিন দুপুর ১টা ২৫ মিনিটে টরন্টো পৌঁছাবে।
অন্যদিকে, প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিজি-৩০৬ টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এছাড়া সপ্তাহে প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়।
সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে ঢাকা-টরন্টো রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ বিমানের আসন সংখ্যা ২৯৮টি।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed