নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের নতুন ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং-এর এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
জানা গেছে, গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন রুবেল। ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে অবস্থান করছিলেন। এসময় মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে ‘বাইরে থেকে আসছি’ বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরের দিকে ব্রিজের নিচে নদীতে লাশ ভেসে ওঠে। পরনের জামা-কাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়।
নিহতের ছোট ভাই মাহাবুব রহমান বলেন, আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি কাঁচামালের আড়তদারি করতেন। তিনি একজন পরোপকারী মানুষ ছিলেন। আমার ভাইকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার চাই এবং তাদের ফাঁসি চাই।
নিহতের চাচা মিজানুর রহমান মেজর বলেন, সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটাই বোঝা যাচ্ছে। পুলিশের সহযোগিতা চাই, আমরা মামলা করব। তদন্ত করে আসল ঘটনা বের করে আনবে পুলিশ। হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করছি।
কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু বলেন, রুবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা বলেন, রুবেল ভালো ছেলে ছিল। আমরা এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এর আগে, বুধবার ৬ জুলাই দুপুর ১২টার দিকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed