Main Menu

জাবি অধ্যাপক অজিত কুমারের শাস্তির দাবিতে ৭দিনের আল্টিমেটাম

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক অজিত কুমার মজুমদারকে পদচ্যুতিসহ আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।

রবিবার (৩ জুলাই) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সভাপতি মেহেদী হাসান বলেন, ‘এর আগে কোটা আন্দোলনের সময়েও অনেক শিক্ষকরা এমন কাজ করেছেন মু্ক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। এরা একই চক্র, এদের প্রতিহত করতে হবে। আমরা অজিত কুমার মজুমদারের চাকরিচ্যুতিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

আগামী ১ সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবী মেনে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সিনেটের বার্ষিক অধিবেশনে একাত্তর-পরবর্তী সময়ে বীর মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

এ সময় অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘আমার মামাও ছিল মুক্তিযোদ্ধা, এই নির্যাতনে তাকে দেশ ছাড়তে হয়েছিল। সততার জন্য, অন্যান্য মুক্তিযোদ্ধাদের জন্য। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা লুট করা শুরু করছে। এখানে মুক্তিযোদ্ধাদের কথা বললে অনেক ধরনের কথা আসে।’

তিনি আরো বলেন, ‘আজ এখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে ইমোশন (আবেগ) তৈরি হয়েছে, মুক্তিযোদ্ধাদের অবশ্যই আমি সম্মান করি। আবার এই মুক্তিযোদ্ধারাই কীভাবে নিপীড়ন করেছে নারীদের, আমি দুয়েকটা নামও বলতে পারি।’

গত ২৪ জুন অনুষ্ঠিত সিনেটের ৯ নম্বর এজেন্ডায় মুক্তিযোদ্ধা শিক্ষকদের বয়সসীমা সংক্রান্ত আলোচনায় এমন মন্তব্য করেন ওই শিক্ষক।

মুক্তিযোদ্ধাদের নিয়ে তার এমন মন্তব্যে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সিনেট সদস্য মুক্তিযোদ্ধা ও শিক্ষকরা।

Share





Related News

Comments are Closed