Main Menu

সিলেটে জীবন বীমার ভার্থখলা শাখা বন্ধের নির্দেশ, গ্রাহকদের ক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সরকারী বীমা সংস্থা জীবন বীমা কর্পোরেশনের ৪০ বছরের পুরো ভার্থখলা সেলস অফিসটির কার্যক্রম বন্ধ করে দিতে চাচ্ছে কর্তৃপক্ষ। এতে লাভজনক এই অফিসটি গ্রাহকদের রোষানলে পড়েছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন হাজার হাজার গ্রাহক। কার্যক্রম বন্ধের সংবাদ পেয়ে স্থানীয় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। সেই সাথে অফিসে কর্মরতরাও পড়েছেন বিপাকে। এমন সংবাদে মানববন্ধনসহ আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয় গ্রাহকরা।

জানা যায়, গত ১২ জুন ৫৩.১৯০০০০.৬০৩.৫১.০০১.২২.৩৯ নং স্বারকে জীবন বীমা কর্পোরেশন এর প্রধান কার্যালয় থেকে প্রাচীনতম সেলস অফিস-৪৮ ভার্থখলা এর কার্যক্রম বন্ধ করে জিন্দাবাজার সেলস অফিসের সাথে একিভূত করার আদেশ দেয়া হয়। এই আদেশ পাওয়ার পর ভার্থখলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা গত ১৫ জুন জীবন বীমা কর্পোরেশনের এমডি বরাবর একটি লিখিত পত্র দিয়ে প্রাচীনতম ভার্থখলা অফিসের কার্যক্রম বন্ধ না করার অনুরোধ জানান।

লিখিত পত্রে তারা উল্লেখ করেন, সিলেট-৪৮ সেলস অফিস সুনামের সাথে র্দীঘ দিন যাবৎ কাজ করে ১ম বর্ষ আয় এবং নবায়ন আয়ের কোটি কোটি টাকা কর্পোরেশনর তহবিলে জমা দিয়ে আসছে। সিলেট বিভাগীয় শহরে মাত্র ২টি সেলস অফিসের ১টি সিলেটের সুরমা নদীর ক্বীন ব্রীজ এর দক্ষিণ পাশে প্রায় ৪০ বছর যাবৎ জীবন বীমা কর্পোরেশনের সাইনবোর্ড সহ সেলস অফিস-৪৮ এর কার্যক্রম চালিয়ে আসছে।

এই এলাকায় বিভাগীয় শহর সিলেটের অধিকাংশ সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জিন্দাবাজার সেলস অফিস ও ভার্থখলা সেলস অফিসের দূরত্ব ২ কিলোমিটার এবং আলাদা দুটি উপজেলায় অবস্থিত। এছাড়া এখানে দেশের অধিকাংশ ব্যাংক ও বীমা প্রতিষ্টানের অফিস অবস্থিত। জীবন বীমার ৪৮ সেলস অফিসটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে। বিগত বছরগুলোতে এই সেলস অফিস ১ম বর্ষ এবং নবায়ন আয় দিয়ে অফিস এবং উন্নয়নের খরচ বহন করে যাচ্ছে। কর্পোরেশন কখনও -৪৮ সেলস অফিসে ভর্তুকি দেয় নাই। অথচ কর্পোরেশনের অনেক শাখা ও সেলস অফিস ভর্তুকি দিয়ে চালু রাখা হয়েছে।

যেখানে ঢাকা, চট্রগ্রামসহ অন্যান্য বড়বড় শহরে সর্ব্বোচ ১৫/১৬টি সেলস অফিস বিদ্যমান, সেখানে সিলেট বিভাগের ২টি উপজেলায় ২টি সেলস অফিস বিদ্যমান রয়েছে। এই সেলস অফিসের পাশে সিলেট রেলওয়ে ষ্টেশন এবং আন্তজেলা বাস টার্মিনালের অবস্থান। সিলেটের প্রায় ৭ টি উপজেলার লোকজন প্রতিদিন এই অফিসের সামনে দিয়ে চলাফেরা করেন। তাই কর্পোরেশনের সাইনবোর্ড সম্বলিত অফিসটি বন্ধ করে অন্যত্র নিয়ে গেলে ব্যবসা উন্নয়নের ক্ষেত্রে মারাত্মাক খারাপ পরিস্থিতি তৈরি করবে। শতশত গ্রাহক বিগত প্রায় ৪০ বছর যাবৎ এই অফিসে প্রিমিয়াম জমা দিয়ে যাচ্ছেন। অফিসের স্থান পরিবর্তনের কারণে বীমা গ্রাহকের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।

লিখিত পত্রে আরো বলা হয়, কর্তৃপক্ষের এরুপ সিদ্ধান্তের কারণে এই সেলস অফিসের আওতাধীন প্রথম স্থান অর্জনকারী শিবগঞ্জ শাখা ধ্বংস হয়েছে। পাশাপাশি এই সেলস এর আরও ২টি শাখা অফিস বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ বন্ধ করে ৪৮ সেলস অফিসে একিভুত করা হয়েছে। বিগত দিনেও এরকম সিদ্বান্ত ছিল আত্মঘাতী। তাই অবিলম্বে এই আদেশটি বাতিল করে ভার্থখলা সেলস অফিস-৪৮ পূনর্বহাল করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান কর্মরতরা।

 

Share





Related News

Comments are Closed