Main Menu

হেলিকপ্টার থেকে ছুড়ে দেয়া ত্রাণ নিতে গিয়ে ১ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমান বাহিনীর দেওয়া ত্রান সামগ্রী নিতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত ৬ জনের মধ্যে ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে গুরুতর আহত বিপ্লব মিয়া (৪৫) মৃত্যুবরন করেন। তিনি তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। নিহত বিপ্লব ২ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

নিহতের ছোট ভাই আমিরুল ইসলাম জানান, ঘটনার দিন বিপ্লব মিয়া কাঁচা বাজারের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হোন। ফেরার পথে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছলে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ছুড়া ত্রাণসামগ্রী বিপ্লবের পিঠের উপর পড়লে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরের দিন অবস্থার অবনতি হলে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেটে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।

উজান তাহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকালে সিলেট নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারের উপর থেকে বিমান বাহিনীর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় শতাধিক বন্যার্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ত্রাণ সহায়তা নিতে গেলে উপর থেকে ছুড়ে দেয়া ত্রাণ বন্যার্তরা সবাই দৌড়াদৌড়ি করে ধরতে গেলে ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুহেল রানা বলেন, ত্রাণ বিতরণের জন্য এয়ারফোর্সের একটি হেলিকপ্টার তাহিরপুরে এসেছিল। বন্যার পানির জন্য সদরের কোনো স্থানে নামতে না পারায় আকাশ থেকেই তারা ত্রাণের বস্তা মাটির দিকে নিক্ষেপ করেছিল। ত্রাণ গ্রহণ করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, বিমানবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণের সময় আহতদের একজন আজ সকালে মারা গেছেন। নিহত বিপ্লব মিয়া পিঠ এবং কাধে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed