Main Menu

রাতের খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন, স্বর্ণালংকার লুট

বৈশাখী নিউজ ডেস্ক: রাতের খাবার খেয়ে একই পরিবারের ১০ সদস্য অচেতন হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ হওয়ার পর দুর্বৃত্তরা ঘরে থাকা টাকাসহ প্রায় ৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের দক্ষিণ মটবী গ্রামের দাসবাড়ির কানু লাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাতের খাবারের সঙ্গে নেশাজাতীয় কোনো কিছু মিশিয়ে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশ ও দায়িত্বরত চিকিৎসকের।

সদর হাসপাতালের চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত অসুস্থতার সঠিক কারণ জানা যাবে না। তবে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (২৭ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে মান্দারি ইউনিয়নের দক্ষিণ মটবী গ্রামের দাশবাড়ির কানু লাল দাস ও নারায়ণ দাসের পরিবারের সদস্যদের অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়।

অসুস্থ ব্যক্তিরা হলেন কানু লাল (৯০), কমলা রানী দাস (৭৫), রবি দাস (৪৮), সমীর দাস (৪৪), অংকর দাস (১৪), অহনা দাস (১২)। এ ছাড়া একই বাড়ির নারায়ণ দাস (৭৫), লক্ষ্মী রানী (৬৫), তিমু রানী দাস (২৮) ও কান্তি লাল দাস (৭৫)। তারা সবাই একই বাড়ির হলেও পৃথক দুটি পরিবারের সদস্য।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কোনো একসময় ভাতের সঙ্গে নেশাজাতীয় কোনো কিছু মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন ওই বাড়ির দুই পরিবারের ১০ জন। এ সুযোগে দুর্বৃত্তরা লুটে নেয় তাদের নগদ টাকা ও স্বর্ণালংকার।

কানু লাল দাসের বড় ছেলে রতন দাস জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে দুই পরিবারের ১০ জন সদস্য অসুস্থ হয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তাদের নগদ টাকাসহ ৮-৯ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ সংবাদ মাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে নেশাজাতীয় কোনো কিছু মিশিয়ে দেয়া হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এখনো অনেকে অচেতন থাকায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed