ওসমানী হাসপাতাল চত্বরে এম্বুলেন্স চাপায় বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে এম্বুলেন্স চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালিক (৬৫) মৌলভীবাজারের সদর থানাধীন বাউরবাগ এলাকার মৃত সোয়াব উল্লাহর পুত্র।
তিনি গত দুইদিন পূর্বে ওসমানী হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। একটি পরীক্ষা করানোর জন্য সোমবার বেলা ২টার দিকে তাকে নিয়ে স্বজনরা হাসপাতালের নিচে নামেন। আব্দুল মালিককে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে একটি গাছের নিচে দাঁড় করিয়ে রেখে গাড়ি আনতে গেলে একটি অ্যাম্বুলেন্স ব্যাক গিয়ার দিয়ে ঘুরানোর সময় আব্দুল মালিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে হাসপাতালের জরুরী বিভাগের সামনে পার্কিং করার সময় আব্দুল মালিককে চাপা দেয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এম্বুলেন্স। সাথে সাথে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সমন্বয়ক ডা কায়সার খোকন বলেন, আমাদের এখানে আসার আগেই আব্দুল মালিক মারা যান। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এদিকে, হাসপাতালের একাধিক চিকিৎসক জানান, হাসপাতাল চত্বরের ভেতরে সবসময় বেসরকারি এম্বুলেন্স ভিড় করে থাকে। তাদের কারণে রোগীদেরও দুর্ভোগ পোহাতে হয়। এসব এম্বুলেন্সের অদক্ষ চালকরা হাসপাতাল চত্বরেও বেপরোয়া গতিতে গাড়ি চালায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ এম্বুলেন্সটি আটক করেছে। তবে তার চালক সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
এদিকে ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি ‘আল মদিনা অ্যাম্বুলেন্স সার্ভিস’ নামক প্রতিষ্ঠানের। যিনি অ্যাম্বুলেন্স চালিয়ে ওই বৃদ্ধ রোগীকে চাপা দেন তার নাম সজিব আহমদ। তিনি মূল চালকের সহকারি। চালকের অনুপস্থিতিতে অ্যম্বুলেন্সটি চালাচ্ছিলেন সজিব।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed