Main Menu

এ মাসেই চালু হচ্ছে আরো ৪টি বর্ডার হাট

বৈশাখী নিউজ ডেস্ক : মহামারি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এ মাসের মাঝামাঝিতে বাংলাদেশ-ভারতের ৪টি সীমান্ত হাট (বর্ডার হাট) আবার চালু হচ্ছে।

ইতোমধ্যে ২৬ এপ্রিল ভারতের বালাট (পূর্ব খাসি পার্বত্য জেলা, মেঘালয়) ও বাংলাদেশে লাউয়াঘর (ডলোরা, সুনামগঞ্জ) সীমান্ত হাট পুনরায় চালু হয়েছে।

১৯ এপ্রিল সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় এ দুটি সীমান্ত হাট আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১২ মে ভারতের রিংকু (পূর্ব খাসি পাহাড়, মেঘালয়) ও বাগান বাড়ি (দোয়ারা বাজার, সুনামগঞ্জ) এবং ১৬ মে ভারতের নালিকাটা (দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়, মেঘালয়) ও বাংলাদেশের সায়দাবাদ (তাহিরপুর, সুনামগঞ্জ) সীমান্ত হাট চালু হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট ৭টি। নতুন আরও ৯টি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, প্রতিটি সীমান্ত হাট দুই দেশের মধ্যে একটি বাজার, যা সীমান্তের উভয় পাশের স্থানীয় বাসিন্দাদের ‘স্থানীয় পণ্য’ কেনাবেচার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।

পর্যালোচনা সমীক্ষা অনুসারে, সীমান্ত হাট আন্তঃসীমান্ত বাণিজ্য ও জনগণের যোগাযোগে নতুন মাত্রা যোগ করছে। সুযোগ তৈরি করেছে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের। বিশেষ করে নারী ও যুবকদের জন্য পরিবহনকারী, বিক্রেতা, শ্রমিক ও খাবার দোকানের মালিক হিসাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সীমান্ত হাটগুলো সীমান্ত এলাকার জনগণের জন্য আয়ের অতিরিক্ত উৎস সৃষ্টির সঙ্গে সঙ্গে মানুষে মানুষে সংযোগও বাড়িয়েছে।

সীমান্ত হাট হলো প্রাণবন্ত কেন্দ্র, যেখানে বাংলাদেশ ও ভারতের স্থানীয় জনগণের স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি ও উদ্যানজাত পণ্য, ক্ষুদ্র কৃষি ও গৃহস্থালি পণ্য, গৌণ বনজ পণ্য, তাজা ও শুকনো মাছ, কুটির শিল্পের জিনিসপত্র, কাঠের আসবাবপত্র, তাঁত, হস্তশিল্পের উপকরণ ইত্যাদি পণ্য বিক্রির সুযোগ হয়। -সূত্র সংবাদ বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed