Main Menu

তামিলনাড়ুতে রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রায় বিদ্যুতায়িত হয়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা চলার সময় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা এসব মানুষ একপর্যায়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটে দুর্ঘটনা। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ১১ জন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, মন্দিরের পালকিটি ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল। বুধবার ভোরে কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংঘর্ষ হয় ৷ এতেই হতাহতের ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে। এছাড়া আহত আরও তিনজনকে চিকিৎসার জন্য থানজাভুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া অবশ্য বলছে, নিহতদের মধ্যে ৩ জন বালক।

অন্যদিকে বার্তাসংস্থা এএনআই বলছে, তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed