সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ প্রকল্পে অনিয়মের কারণে তলিয়ে গেছে ফসল
বৈশাখী নিউজ ডেস্ক: সুনমগঞ্জে ফসলরক্ষা বাঁধ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে অসময়েই বেশ কয়েকটি হাওরের বোরো ফসল তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও প্রায় ৩০টি হাওরের ফসল। বাঁধের কাজ শেষ না হওয়ায় যেকোনো সময় তলিয়ে যাওযার আশঙ্কা করছেন কৃষকরা। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) নজিরবিহীন অনিয়মের কারণে কৃষকদের এমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরি সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বুধবার (৬ এপ্রিল) সিলেট নগরের আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এসময় অলিউর রহমান চৌধুরী বকুল কৃষকদের সোনার ফসলরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জের ১২টি উপজেলার ৫২টি হাওরে ২ লক্ষ ২২ হাজার ৬৯৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। এ বছর জেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লক্ষ মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা ছিল কৃষকদের। কিন্তু নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় গত ২ এপ্রিল বাঁধ ভেঙে তলিয়ে যায় তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর। ৪ এপ্রিল শাল্লা, ছাতক ও সুনামগঞ্জের কয়েকটি হাওর এবং সর্বশেষ ৫ এপ্রিল বিকেলে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর তলিয়ে যায়। অকালেই ফসল তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।
অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত কমিটি জেলার ৪১টির বেশি হাওরে ৭২৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী ২০২১ সালের ১৫ ডিসেম্বর হাওরের ফসল রক্ষা বাধেঁর কাজ শুরু হয়ে চলতি বছরের ২৮ ফেব্রæয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো বাধেঁরই কাজ শতভাগ শেষ হয়নি। শতকোটি টাকার প্রকল্পে শুরু থেকেই কোনো মনিটরিং করা হয়নি।
তিনি বলেন, কাজের শুরু থেকেই দুর্নীতির অভিযোগ ওঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের এসও দের বিরুদ্ধে। দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে ১৯টি পিআইসির মধ্যে ১১টিতে স্থানীয় গিরিশ চন্দ্র গ্রামের বাসিন্দা এখলাছুর রহমান ফরাজি ও তার আত্মীয় স্বজনরা রয়েছেন। এ ১৯ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪ কোটি টাকা। পিআইসির তালিকায় দেখা গেছে, সুরমা ইউনিয়নের ১ নম্বর পিআইসির সভাপতি এখলাছুর রহমান ফরাজি। তাঁর ভাতিজা আতাউর রহমান ও ভাগ্নে মাসুদ ৩ নম্বর পিআইসির সভাপতি ও সেক্রেটারি। আরেক নিকটাত্মীয় শহীদুল ইসলাম ৪ নম্বর পিআইসির সদস্য সচিব। ফরাজির আরেক ভাতিজা আব্দুল জলিল ১নম্বরে সভাপতি। এছাড়াও ভগ্নিপতি মো. রমজান আলী ২৪ নম্বরের সদস্য সচিব, ভাতিজা মোশারফ হোসেন ফরাজী ও ছোট ভাই ইলিয়াস ফরাজী ২৮ নম্বর পিআইসির সভাপতি ও সদস্য সচিব। ভাতিজা কলিম উদ্দিন ৪০ নম্বরের সদস্য সচিব ও আরেক ভগ্নিপতি রহমত উল্লাহ মানিক ৪১ নম্বর পিআইসির সদস্য সচিব।
তিনি আরও বলেন, শুধু এখলাছ ফরাজীর ও তার স্বজনরা নয় ৬ নম্বর পিআইসিতে দেওয়া হয়েছে দৃষ্টিহীন প্রতিবন্ধী জয়নাল আবেদিন ও ৩৯ নম্বর পিআইসির সভাপতি করা হয়েছে মঈনুল ইসলাম এবং ৪৩ নম্বর পিআইসির সদস্য সচিব করা হয়েছে চান মিয়া নামের এক ব্যক্তিকে। অথচ তাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে অপরিচিত ব্যাক্তিদের।
তিনি বলেন, বিভিন্ন উপজেলায় পিআইসি গঠনে নয়ছয় করেছে কাবিটা প্রকল্প বাস্তবায়ন কমিটি ও মনিটরিং কমিটি। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত পিআইসি সদস্যরা গা ঢাকা দিয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় জেলার মাটিয়ান হাওর, শনির হাওর, দেখার হাওর, জামখলা হাওর, কাচিভাঙ্গা হাওর, সাংহাই হাওর, খাই হাওর, নান্দাইর হাওর, মাচুখালি হাওর, চাওলির হাওর, খরচার হাওর, আঙ্গুর আলীর হাওর, পুটিয়ার হাওর, হালির হাওরসহ ৩০টির অধিক হাওরে কৃষকদের সোনার ফসল আজ হুমকির মুখে। যেকোনো সময় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। গত ৩ এপ্রিল রাত থেকে কৃষকরা তাদের বার্ধের দায়িত্ব নিজেরা নিয়েছেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ফসল রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। কৃষকদের স্বপ্ন যাতে ধুলিস্যাৎ না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ছাতক হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শমরুজ আলী প্রমুখ।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed