Main Menu

ফিস্টের টাকা দিয়ে শিক্ষার্থীদের বাইরে খেতে বললেন জাবি প্রভোস্ট কমিটির সভাপতি

জাবি প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষে বরাদ্দকৃত ফিস্টের টাকা দিয়ে শিক্ষার্থীদের বাইরে খেতে বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রভোস্ট কমিটির সভাপতি এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা এতো কিছু করার পরেও যদি তোমরা এ বিষয়ে প্রশ্ন করো তাহলে পরবর্তীতে এমন আয়োজন আর করবো না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তোমাদের টাকা দিয়ে দিতে বলবো, তোমরা বাইরে খেয়ে নিয়ো।’

স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর শিক্ষার্থীদের জন্য ফিস্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ (শনিবার) রাতে বিশেষ খাবারের (ফিস্ট) ব্যবস্থা করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন থেকে মাথাপিছু ৩৫০ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের থেকে ৩০ টাকা নিয়ে ‘শুভেচ্ছা মূল্য’ টিকিটের বিনিময়ে সবমিলিয়ে ৩৮০ টাকার খাবার দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

ফিস্টের খাবারের মান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানিনা কোন হলের খাবার কেমন। হলের প্রাধ্যক্ষরা খাবারের যথাযথ মান বজায় রাখার চেষ্টা করেন। আমাদের সকাল থেকে বাজার করা সহ সকল কষ্ট শুধু শিক্ষার্থীদের জন্যই। এছাড়া তোমার কোনো বন্ধু যদি বঙ্গমাতা হলে থাকে খোঁজ নিয়ে দেখো তাদের ফিস্টের খাবারের মান কেমন।’

তিনি আরও বলেন, ‘বিগত বছরগুলোর চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এবার তুলনামূলকভাবে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। বিগত বছরগুলোতে খাবারের মেন্যু হিসেবে পোলাও, মুরগির রোস্ট, সবজি ও মিষ্টির ব্যবস্থা ছিল। তবে এবার বাজেট বাড়ায় অতিরিক্ত হিসেবে খাসির রেজালা, মুগডাল ও মিষ্টি পান থাকবে।’

উল্লেখ্য, ২০২১ সালের বিজয় দিবসে ফিস্টের জন্য ৫০৫ টাকার বাজেট দেওয়া হয়। তবে বাজেট অনুযায়ী খাবারের পরিমাণ ও মান যথাযথ না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তষ্টি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

Share





Related News

Comments are Closed