Main Menu

২৯ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দুই পাচারকারী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে স্পিডবোট ডুবে ২৯ জন বাংলাদেশি মারা যাওয়ার ঘটনায় মানব পাচার চক্রের মূল হোতা তারেক মোল্লা ও তার সহযোগী রায়হানকে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ।

গ্রেফতার তারেক মোল্লা রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।

রোববার (২০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার নবীগঞ্জ থানার শ্রীপুর এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, দালালদের খপ্পরে পড়ে গত ২৭ জানুয়ারি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৩৫ জন বাংলাদেশি ইতালি যাওয়ার পথে স্পিডবোট ডুবে ২৯ মারা যান। এর মধ্যে নরসিংদীর ১৫ জন। এদের মধ্যে কোস্টগার্ডের সহযোগিতায় বেঁচে দেশে ফেরেন ছয় বাংলাদেশি। তাদের একজন নরসিংদীর রায়পুরা উপজেলার ইউসুফ মৃধা দেশে ফিরে স্পিডবোটডুবিতে মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে ভয়ংকর বর্ণনা দেন, যেটা একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এরপরই পুলিশ মানব পাচার চক্রকে গ্রেফতারের জন্য অভিযানে নামে। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার নবীগঞ্জ থানার শ্রীপুর এলাকা থেকে মানব পাচার চক্রের মূল অভিযুক্ত তারেক মোল্লাসহ দুজনকে গ্রেফতার করা হয়। এরপর আজ সোমবার দুপুরে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে পাঠালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মারা যাওয়া আশিষের বাবা অনিল চন্দ্রের করা মামলায় মানব পাচারের অভিযোগে এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের সব হোতাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

Share





Related News

Comments are Closed