Main Menu

সিলেটে এলপিজি সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় এলপিজি সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাবনা পয়েন্টে এ আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি টিম ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ওই দোকান এবং এর পিছনের বাসার সব সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে বাবনা পয়েন্টের একটি এলপিজি সিলিন্ডারের দোকানে আগুন লাগে। অনেকে বলছেন এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে গ্যাস নিতে গিয়ে এই আগুনের সূত্রপাত। আবার কেউ কেউ বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

এদিকে, আগুন লাগার সঙ্গে সঙ্গে এর লেলিহান শিখা আকাশছোঁয়ার চেষ্টা করে এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর কিছুক্ষণের মধ্যেই সিলেট ফায়ার সার্ভিসের দক্ষিণ সুরমা স্টেশন এবং তালতলা স্টেশনের ৩টি টিম এসে আগুন নেভানো শুরু করে। পরে আরও দুটি টিম তাদের সঙ্গে এসে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের রিজার্ভ পানি ছাড়াও ঘটনাস্থলের পার্শ্ববর্তী সুরমা নদী থেকে পাইপ দিয়ে পানি নিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা চালান কর্মীরা। ৪৫ মিনিটের চেষ্টায় সেই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পুলিশ ও স্থানীয় জনতা এসময় ব্যাপক সহযোগিতা করেন ফায়ার সার্ভিসকে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share





Related News

Comments are Closed