Main Menu

গৃহসজ্জায় পর্দা কেনার আগে খেয়াল রাখবেন যেসব বিষয়

লাইফস্টাইল ডেস্ক: শান্তির নীড় বা গৃহের নান্দনিকতা বৃদ্ধিতে পর্দার গুরুত্ব অনেক। পর্দা ঘরের দরজা, জানালার আচ্ছাদন হলেও এর ওপরই ঘরের সৌন্দর্য অনেকটা নির্ভর করে। তাই দেয়ালের রং, মেঝের আচ্ছাদন ও অন্যান্য আসবাবপত্রের সঙ্গে মিল রেখে পর্দা নির্বাচন করা উচিত।

ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পর্দা ঘরের আবরু রক্ষা করে। ঘরে শীতলতার ভাব আনে। ধুলোবালি থেকে ঘরকে রক্ষা করে। তাই পর্দা কেনার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন।

আপনি যদি আপনার ঘরটিকে নতুন করে সাজাতে চান তাহলে ঘরের পর্দার ডিজাইনে একটু পরিবর্তন আনলেই ঘরে আলাদা একটা নতুনত্ব অনুভব করবেন।

পর্দার রং বাছাই করার ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তাহলো দেয়ালের রঙের সঙ্গে পর্দার রং কোনোভাবেই যেন এক না হয়ে যায়। এতে আপনার ঘরকে অনেকটাই দেখতে অদ্ভূত লাগবে।

পর্দার কাপড় বাছাই করুন এমনভাবে যাতে তা পরিষ্কার করতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় আপনাকে। এ ছাড়া পর্দা এত ভারী হওয়া যাবে না যাতে সূর্যের আলো ঘরে ঢুকতে বাধাপ্রাপ্ত হয়।

বাজারে বিভিন্ন ধরনের পর্দা পাওয়া যায়। সেখান থেকে আপনার বাজেট অনুযায়ী কেমন কাপড় কিনবেন তা দোকানে যাওয়ার আগেই ঠিক করুন। যদি ঘরকে আভিজাত্যের লুক দিতে চান তাহলে পর্দার কাপড় হিসেবে ভেলভেট বা সিল্কের কাপড় বাছাই করতে পারেন।

হাল ফ্যাশনের ছোট পরিসরের বাড়ি হলে হালকা রঙের ফেব্রিক্সের কাপড় বাছাই করতে পারেন। আবহাওয়ার ওপর নির্ভর করে পর্দার রং বাছাই করা বুদ্ধিমানের কাজ হবে।

শীতকালে ঘরে গাঢ় রঙের পর্দা আর গরমকালে হালকা রংকে প্রাধান্য দিতে পারেন। তবে আপনার বাছাই করা পর্দা যেন দেয়াল আর ঘরের আসবাবপত্রের রঙের সঙ্গে কন্ট্রাস্ট হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন।

পর্দার সঙ্গে মানানসই কাপড়ের ঝালর আপনার ঘরকে আরও সুন্দর করার ক্ষমতা রাখে। তাই বাজেট একটু বেশি হলে পর্দার সঙ্গে ঝালর লাগাতে পারেন।

 

Share





Related News

Comments are Closed