Main Menu

বিদেশে গিয়ে না ফেরায় ঢাবির ১৩ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে পড়াশোনা করতে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে চাকরিতে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৩ জন শিক্ষকের পদ অবমুক্ত (শূন্য) ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট ওই শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।

এতে ওই ১৩টি পদে নতুন করে নিয়োগ দিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলোতে শিক্ষকের সংকট থাকায় নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সিন্ডিকেট সূত্র জানায়, ওই শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা রয়েছে। এর পরিমাণ সর্বনিম্ন ৯ লাখ এবং সর্বোচ্চ ৫৩ লাখ টাকা। এ অর্থ বিশ্ববিদ্যালয়কে পরিশোধ করতে ওই শিক্ষকদের চিঠি পাঠানো হবে।

এদিকে ১৩ জন শিক্ষকের মধ্যে অনেকে স্বেচ্ছায় পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছেন। তবে, তারা বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করলে এরপর তাদের পদত্যাগ গ্রহণ করা হবে বলে জানা গেছে।

২০১৫ সালের আগে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করতে ওই শিক্ষকরা বিদেশে যান। শর্তসাপেক্ষে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সব সুযোগ-সুবিধা নিয়েছেন। যেহেতু তারা চাকরিতে যোগদান করেননি, তাই আর্থিক পাওনা বিশ্ববিদ্যালয়ের কাছে ফেরত দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজামান গণমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী ওই শিক্ষকরা কর্মস্থলে যোগদান করেননি। তাই তাদের পদগুলো শূন্য ঘোষণা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed