সন্তানদের আকাশের নিচে অভুক্ত রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দেশ ও বিদেশে অবস্থানরত সিলেটের প্রতিনিধিত্বশীল ২৫ নাগরিক বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিকেল ৫টা ৯ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাঁরা এ বিবৃতি দিয়েছেন। এতে তাঁরা বলেছেন, সন্তানদের উন্মুক্ত আকাশের নিচে অভুক্ত রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না।
বিবৃতিতে বলা হয়, শাবিপ্রবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এখন শুধু উদ্বেগ জানিয়ে বসে থাকলেই আর চলবে না। ঐতিহ্য আর ভালোবাসার ধারক এ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা বেশ আগে থেকেই শুরু হয়েছে। প্রতিবারই নাগরিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। আজকের দিনেও বসে থাকার অবকাশ নেই।
বিবৃতিতে আরও বলা হয়, উপাচার্য, শিক্ষক নেতা, রাজনৈতিক নেতা আর ছাত্রনেতাদের দাবা খেলার সময় এখন নয়। বিশ্ববিদ্যালয় আজ বিপন্ন। আমাদের সন্তানেরা উন্মুক্ত আকাশের নিচে অনশন করছে। সন্তানদের উন্মুক্ত আকাশের নিচে অভুক্ত রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না। এখন রাজনীতি আর কৌশল চালাচালির সময় নয়। আমাদের সন্তানদের পাশে দাঁড়াতে হবে।
বিবৃতিদাতারা হচ্ছেন আইনজীজী তবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন, স্থপতি জেরিনা হোসেন, প্রত্নতত্ত্ব সংগ্রাহক শাহজামান চৌধুরী বাহার, আইনজীবী ইরফানুজ্জামান চৌধুরী, নাগরিক সংগঠক ফারুক মাহমুদ চৌধুরী, প্রবাসী সংগঠক সাকী চৌধুরী, অধ্যাপক রানা ফেরদৌস, আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও মো. জসিম উদ্দিন আহমেদ, ডা. সৈয়দ মোশতাক আহমদ, গবেষক তাজুল মোহাম্মদ, উন্নয়নকর্মী শেখর ভট্টাচার্য, অধ্যাপক মনোজ কুমার সেন, সাংস্কৃতিক সংগঠক মিশফাক আহমদ চৌধুরী ও এনায়েত হোসেন মানিক, প্রবাসী লেখক ইশতিয়াক রুপু, আইনজীবী সমর বিজয় সী শেখর, লেখক জেসমিন চৌধুরী, নাগরিক সংগঠক আবদুল করিম চৌধুরী কিম, সাংবাদিক ছামির মাহমুদ, পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল, আইনজীবী সুদীপ্ত অর্জুন, মানবাধিকারকর্মী লক্ষ্মীকান্ত সিংহ ও সংগঠক দেবাশীষ দেবু।
বিবৃতিদাতারা শিক্ষার্থীদের পাশে আছেন জানিয়ে আরও বলেন, আলোচনা হোক আর অনুশোচনার সিদ্ধান্ত হোক। অবিলম্বে শাবিপ্রবির অচলাবস্থার অবসান এখন শুধু শিক্ষার্থীদের নয়, এটি একটি নাগরিক দাবি। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করতে শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed