নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি অনুমোদন দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।
সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বয়স ৬৭ বছর পূর্ণ হচ্ছে ৩১ ডিসেম্বর। সে হিসাবে বছরের শেষ দিনে অবসরে যাচ্ছেন ২২তম প্রধান বিচারপতি। ৩১ ডিসেম্বর শুক্রবার হওয়ায় ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস তার। সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাওয়ার পরিপেক্ষিতে হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচারাঙ্গনের প্রধান পদে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে কে নিয়োগ পাচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। আইনজীবীদের মধ্যে অনেকেই মনে করেছেন জ্যেষ্ঠতা এবং যোগ্যতা অনুযায়ী পরবর্তী প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি ইমান আলী, তবে কেউ কেউ মনে করেছিলেন, সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে পরবর্তী প্রধান বিচারপতি করা হতে পারে।
আইনজীবীরা বলেছিলেন, আপিল বিভাগে চার বিচারপতির তিনজনেরই অবসরের মেয়াদ ২০২৩ সালের মধ্যে। এ ক্ষেত্রে একটু বেশি সময় পাবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বঙ্গভবনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। হাসান ফয়েজ সিদ্দিকী ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন।
প্রসঙ্গত, ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর হাসান ফয়েজ সিদ্দিকীর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। পরে ২০০৯ সালে হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি এবং ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন। এছাড়া ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন এই বিচারপতি।
হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাই আবু বকর সিদ্দিকী এক সময় আপিল বিভাগের বিচারপতি ছিলেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed