Main Menu

কমলগঞ্জে ছড়া থেকে চা শ্রমিকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের মহা রাসলীলা দেখতে বাড়ি থেকে বের হওয়া এক চা শ্রমিকের মরদেহ ছড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক রাসেল মিয়া (২৮) গত শুক্রবার রাতে রাস উৎসব দেখতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার দুপুরে এলাকাবাসী পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট নামক স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পরে বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাসেল পাত্রখোলা চা-বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য বাচ্চু মিয়ার ছেলে। তার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে রাস দেখার কথা বলে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি রাসেল। শনিবার দুপুরে পাত্রখোলা চা-বাগানের একটি ছড়া থেকে আমার ছেলের রক্তাক্ত লাশ পাওয়া যায়। পূর্বশত্রুতার জেরে হয়তো ছেলেকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে শত্রুরা।

পাত্রখোলা চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী শিপন জানান, শনিবার রাসেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেল নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না কি অন্য কিছু।

Share





Related News

Comments are Closed