Main Menu

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল (২০), আমির হোসেন (৫০) ও খোরশেদা বেগম (৫৫)।

জানা যায়, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীকের রিপন মোল্লা ও মোরগ প্রতীকের আবু খায়ের।

এরমধ্যে বৃহস্পতিবার সকালে রিপনের সমর্থকরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে হামলা করে। এ সময় অন্তত ১১ জন গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপালে নিয়ে আসার পথে তিনজন মারা যান।

আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, আমি এবার নির্বাচন করছি না। আবু খায়ের এবং রিপন মোল্লা এই দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ওয়ার্ডে। আজ সকালে দলবল নিয়ে রিপনের সমর্থকরা হামলা করে মোরগ প্রতীকের আবু খায়েরের সমর্থকদের ওপর।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হন। আহত চারজনকে নরসিংদী সদর হাসপাতালে রেখে বাকিদের ঢাকায় পাঠানো হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed