Main Menu

রাজনগরে ট্রাকের ধাক্কায় প্রবাসী যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে রাজনগরে বিআরটিসি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা গেছেন।

রোববার (৩১ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার মুন্সিবাজারের খলাগাঁও কবরস্থান নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত মটর সাইকেল চালক আয়ন মিয়া (২৮) মুন্সিবাজারের ব্রাহ্মণগাওয়ের আরব আলী মিয়ার ছেলে। তার স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। তিনি এই মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটর সাইকেল আরোহীর সাথে (ঢাকা মেট্রো- ট ২২-৯১০৬) নাম্বারের একটি বিআরটিসি ট্রাকের ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলেই যুবক মারা যান।

উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, উপজেলার খলাগাঁও কবরস্থান নামক স্থানে রাজনগর সিলেট রোডে সড়ক দুর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় রাজনগর ফায়ার সার্ভিস সকাল ০৭ টা ২০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক জন নিহত ব্যক্তিকে উদ্ধার করে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। রাজনগর ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার কাজ পরিচালনা করেন রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আলী হোসেন ও উক্ত স্টেশনের ফায়ারফাইটারগণ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed