রাজধানীতে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা, সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ডাকা বিএনপির বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ।
পরে নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয় থেকে মিছিল নিয়ে কাকরাইলের দিকে গেলে পুলিশ বাধা দেয়।
এ সময় নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
নয়াপল্টনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপির সমাবেশ চলছিল। তাদের মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই তারা (বিএনপি নেতাকর্মীরা) মিছিল শুরু করেন। মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না। তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের নেতৃত্বে একটি মিছিল নাইটিঙ্গেল মোড়ের দিকে এগিয়ে যায়। এসময় প্রথমে স্কাউট মার্কেটের সামনে পুলিশ তাদের বাধা দেয়। তখন মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চাইলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ব্যানারের সঙ্গে থাকা বাঁশ ছুড়ে মারে। পরে পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এদিকে বিএনপির কিছু নেতাকর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে আরেকটি অংশ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচে ও উপরে আটকা পড়ে। পরে পরিস্থিতি শান্ত হলে দুপুর সোয়া ১২টার দিকে নেতাকর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে যান।
জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি আব্দুল আহাদ বলেন, বিএনপি নেতাকর্মীদের মিছিল নাইটিঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিল। ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। তখন পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনা পুলিশের অত্যন্ত ছয় জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ৩০ জনের মতো বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে মিছিলের জন্য জড়ো হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ মিছিলে অংশ নিতে সকাল থেকে রাজধানীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। এসময় বিএনপির নেতাকর্মীদের বাধা ও তাদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।
নয়াপল্টন কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সকাল থেকে পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। সকাল থেকে পুলিশ আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অনেকের ওপর হামলা করেছে। মিছিল শেষ হওয়ার আগেই তাদের মুক্তি দিতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পুলিশ মিছিলে বাধা দেয় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed