Main Menu

মাগুরায় ইউপি নির্বাচনে প্রার্থীতা নিয়ে সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থিতা ঘোষণা নিয়ে মতানৈক্যের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জগদল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জগদল গ্রামের সবুর মোল্ল্যা (৫৫), কবির মোল্ল্যা (৬৬), রহমান (৬০) এবং ইমরান (৩০)।

নিহত সবুর মোল্ল্যা, কবির ও রহমান সবুর মোল্ল্যা গ্রুপের সমর্থক এবং ইমরান নজরুল ইসলামের সমর্থক। তাদের মরদেহ এখন মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগদল ইউনিয়নের ইউপি সদস্য সবুর মোল্ল্যা ও নজরুল ইসলামের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সবুর মোল্ল্যা আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তার সমর্থক ছোয়েদ আলীকে সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দেন। মূলত এ নিয়েই তাদের মধ্যে পূর্বের বিরোধ আরও চরমে ওঠে।

এরই জের ধরে শুক্রবার বিকেলে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন নিহত হন। এসময় আহত হন আরও ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা সদর থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জগদল ইউনিয়নে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। আহত হয় আরও ১০ জন। আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed