Main Menu

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের মালিক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রতিষ্ঠাতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৩ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রাহককে পণ্য না দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এ বিষয়ে আজ সোমবার বেলা ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

অবিশ্বাস্য সব অফার দিয়ে আলোচনায় আসা ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের মালিককে কিছুদিন ধরেই নজরদারিতে রেখেছিল ডিবি।

অভিযোগ, দেড় বছর আগে ই-কমার্স কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা সংগ্রহ করলেও সে অনুযায়ী পণ্য সরবরাহ করেনি।

দেশে সম্প্রতি একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ইভ্যালি, ই-অরেঞ্জের প্রতারণা আর অফিস বন্ধের পর এক নোটিশে নিজেদের অফিস বন্ধ ঘোষণা করে কিউকম। তারা কাউকে গুলশান নিকেতনের অফিসে যেতেও নিষেধ করে দেয়।

পণ্য দেওয়ার নাম করে গ্রাহকের কোটি কোটি টাকা সংগ্রহ করেছে কিউকম। কিন্তু অনেক গ্রাহককে তারা পণ্য বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে কিউকমের সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রিপন মিয়ার সঙ্গে ইভ্যালির সিইও রাসেলের যোগসাজশ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, ব্যবসার সুবাদে তার সঙ্গে পরিচয় হয় রাসেলের। মূলত রাসেলের সঙ্গে সম্পর্কের সূত্র ধরেই তিনি প্রতিষ্ঠা করেন কিউকম। ধামাকা অফার দিয়ে তিনি শুরু করেন অনলাইন ব্যবসা। তার কোম্পানিতে টেলিভিশন, ফ্রিজ ও মোটরসাইকেলের অফার দিত। কম মূল্যের কারণে তার প্রতিষ্ঠানে লোকজন হুমড়ি খেয়ে পড়তেন। পণ্যের মূল দামের সঙ্গে প্রায় ৭৫ ভাগ ছাড়ের ঘোষণা থাকতো।

এদিকে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমাকে গ্রেপ্তার করে র‍্যাব। রাসেলকে দুই দফা ও শামীমাকে এক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দুজনই এখন কারাগারে আছেন। সম্প্রতি ইভ্যালির সব নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ১১ অক্টোবর জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারকে আদালতে এ নথি দাখিল করতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed