২০ দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা নিবন্ধিত দল খেলাফত মজলিস জোট ছেড়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের সিগাল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।
তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি বলেন, দলের কেন্দ্রীয় মজলিশে শুরার বৈঠকে ২০ দলীয় জোট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভায় অধিকাংশ নেতা জোট ছাড়ার পক্ষে মত দিয়েছেন। কারণ ২০১৮ সালের নির্বাচনের আগে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের পর ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটকে অকার্যকর করে রাখা হয়েছে। সে কারণে খেলাফত মজলিস এখন থেকে কোনো জোটের সঙ্গে থাকবে না। তবে নিজেদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে।
শুক্রবার বাদ জুমা মজলিশে শুরার বৈঠক হয়। বৈঠকে সারা দেশের সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মজলিশে শুরার প্রায় ২০০ সদস্য উপস্থিত ছিলেন। দলের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বৈঠকে সভাপতিত্ব করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—নায়েবে আমির জোবায়ের আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মিনহাজুল আবেদিন, যুগ্ম মহাসচিব মোনতাছির আলী, আব্দুল জলিল প্রমুখ।
প্রসঙ্গত, খেলাফত মজলিস ২০ দলীয় জোটে থাকা একমাত্র নিবন্ধিত ইসলামি দল। এর বাইরে যে কয়টি ইসলামি দল জোটে আছে, সেগুলো মূলত এর আগে বেরিয়ে যাওয়া দলগুলোর খণ্ডিত অংশ। এর মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট (আবদুর রকিব) ও জমিয়তে উলামায়ে ইসলামের (মনসুরুল হাসান) আরেকটি অংশ ২০ দলীয় জোটে থাকলেও তাদের নিবন্ধন নেই।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed