Main Menu

শিয়াল মারতে বিদ্যুতের ফাঁদ, প্রাণ গেল দুই কৃষকের

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালিতে শিয়াল মারতে ধানক্ষেতে ফেলে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন দুই কৃষক। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশাশুনির শোভনালি ইউনিয়নের গোদাড়া গ্রামের রশীদ মোল্লা (২২) ও একই গ্রামের ইদ্রিস পাড়(২৩)।

এছাড়া এ সময় ওই তারে জড়িয়ে একটি শিয়ালেরও মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে মাঠে যাওয়া কৃষকরা মরদেহ দুটি দেখতে পেয়ে থানায় খবর দেন । পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় ওই ধান ক্ষেতের মালিক পূর্ব গোদাড়া গ্রামের কবির পাড় কে আটক করেছে পুলিশ।

তবে আটক কবির পাড় বলেন, তিনি শিয়াল মারার জন্য ধানক্ষেতে বৈদ্যুতিক তার ছড়িয়ে রেখেছিলেন।

আশাশুনি থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিত অধিকারী জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষক রশীদ ও ইদ্রিসের মৃত্যু হয়েছে। একটি শিয়ালও সেখানে তারে জড়িয়ে মারা গেছে।

তিনি বলেন, জমির মালিক লাশ দুটি সরিয়ে ধানক্ষেতের পানির নালায় ফেলে রাখে। নিজের অপরাধ ঢাকার জন্য কবির পাড় এই অপকৌশল গ্রহণ করে। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed